নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তেজনা ।
কল্যাণ দত্ত : বর্ধমান
পূর্ব বর্ধমানে, কালনায় মুখ্যমন্ত্রীর মাটি উৎসব উদ্বোধনের দিনেই বর্ধমান শহরের ১৭ নং ওয়ার্ডের সদরঘাট গোডাউন পাড়ায় এক নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তেজনা । অভিযুক্ত ব্যাক্তি আটক । জানা যায় অভিযুক্ত ব্যক্তির নাম সমীর মন্ডল। বয়স প্রায় ৫০উর্দ্ধ বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় পি ডব্লিউ ডি-র গোডাউনে চাকরি করতো ।
নাবালিকার প্রতিবেশী কল্পনা দত্ত নামে এক মহিলা জানিয়েছেন, এদিন এলাকায় একটি সমাজসেবী সংস্থার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলার সুযোগে চকলেট দেওয়ার নাম করে ওই নাবালিকাকে গোডাউনেরই একটি ঘরে নিয়ে গিয়ে শারীরিকভাবে অত্যাচার করে অভিযুক্ত ব্যক্তি। মেয়েটি বাড়িতে আসার পর, নাবালিকার বাড়ির লোক বুঝতে পারে মেয়েটির ওপর কেউ শারীরিক নির্যাতন করেছে । এরপরই নাবালিকার কাছ থেকে সব কিছু শুনে অভিযুক্তকে আটক করেন এলাকাবাসীরা ।
এদিকে এই ঘটনার খবর চাউর হতেই পাড়া প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মারধর করা হয় অভিযুক্তকে। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্ত সমীর মন্ডলের বিরুদ্ধে মহিলা থানায় নাবালিকা ধর্ষণের অভিযোগ জমা করেছেন উক্ত পরিবারের লোকজন। বর্ধমান জেলা পুলিশের তরফে জানানো হয় নাবালিকা ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।