*হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের "সবুজের অভিযান" কর্মযজ্ঞে পাশে এসে দাঁড়াল বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির*
৪ আগষ্ট, ২০২১, বুধবার
প্রতিবেদনে - সায়ন দে
বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির এর ৬৩ তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করতে রামকৃষ্ণ মিশন ও শিক্ষণ মন্দির প্রাক্তনী এশোসিয়েসন যৌথভাবে আয়োজন করেছিল চারাগাছ বিতরণ কর্মসূচীর।
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ অরন্য সপ্তাহকে সামনে রেখে সারা বর্ষাকাল জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন ও সামাজিক বনসৃজনের যে কর্মসূচি নিয়েছে (যাকে নাম দেওয়া হয়েছে *সবুজের অভিযান* প্রকল্প) সেই কাজের আওতায় বেলুর মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী এশোসিয়েসন এর কাছে আবেদন করা হয় চারা গাছের জন্য।
সেই ডাকে সাড়া দিয়ে এদিন (৪ঠা আগষ্ট, ২০২১) সকালে কোভিড বিধি মেনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে চারাগাছ বিতরণ কর্মসূচী রূপায়িত করা হয়। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সাথী সংগঠন *পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাওড়া শাখা* ও *অনুভব* নামক সংগঠন এই কাজে অংশ নেয়।
সমগ্র কাজটি পরিবেশ মঞ্চের শহর হাওড়া ইউনিটের কোঅর্ডিনেটর তথা মঞ্চের সহঃ সম্পাদক *সম্রাট মণ্ডল* মহাশয়ের তত্বাবধানে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
বেলুর মঠ শিক্ষণ মন্দির এর সম্পাদক *স্বামী দিব্যানন্দ মহারাজ* সম্রাট মন্ডল মহাশয়ের হাতে প্রথম চারাগাছ তুলে দিয়ে কর্মসূচীর সূচনা করেন। পাশে ছিলেন মন্দিরের প্রিন্সিপাল *স্বামী দিব্যগুণানন্দ মহারাজ* । এরপরে বাকিদের হাতেও চারাগাছ তুলে দেওয়া হয়। প্রাক্তনী এশোসিয়েসন এর পক্ষে *ড. অজয় ঘোষ* মহাশয় জানান মোট ১০০০ টি চারা গাছ বিতরণ হবে ও বসানো হবে এই কর্মসূচীর আওতায়। হাওড়া জেলার নানা প্রান্তে পরিবেশ মঞ্চের তরফে অশোক, আম, জাম, কলা, দেবদারু, নিম, কৃষ্ণচূড়া প্রভৃতি দেশীয় গাছ ছড়িয়ব পড়বে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা নেবে - এর থেকে আনন্দের আর কি আছে। পরিবেশ মঞ্চের তরফেও ধন্যবাদ জানানো হয় বেলুর মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ কে।